হাইকোর্টে বদির জামিন আবেদনের শুনানি শুরু
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির জামিনের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি গ্রহণ করেন।
বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু শুনানি করেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন। আজ বুধবার দুদকের আইনজীবীর শুনানিতে অংশ নেওয়ার কথা।
বিকেলে শুনানিতে আবদুল মতিন খসরু বলেন, ওই মামলায় আবদুর রহমান বদি ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। ধার্য সময়ে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তখন তাঁর বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। ওই মামলায় অভিযোগপত্র এখনো দাখিল হয়নি। আবেদনকারী নিয়মিত আয়কর দেন। পরে আদালত আজ শুনানির দিন ধার্য করেন।
গত ২১ আগস্ট বদির বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করে দুদক। ১২ অক্টোবর এ মামলায় তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতও তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের পর বদি হাইকোর্টে রিভিশন আবেদন করেন।
জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম দেখানোর অভিযোগে এ মামলা করা হয়।