হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার চার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এ দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে গতকাল সোমবার পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়েছে। এ ছাড়া মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা দুটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধেও দুটি আবেদন (সিএমপি) করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবীরা এসব আবেদন করেন। এ দুই মামলায় কাল বুধবার নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
লিভ টু আপিল করার বিষয়টি জানিয়ে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, এখন শুনানির জন্য পদক্ষেপ নেওয়া হবে।
অপর দুটি আবেদনের বিষয়ে আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, গত ১৯ জুন দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত ও মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন দুটি করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটি উপস্থাপন করা হবে।
ওই দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন ২৩ এপ্রিল খারিজ করেন হাইকোর্ট। এ দুটি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা দুটি রিট ১৯ জুন হাইকোর্টে খারিজ হয়।
রিভিশন আবেদন খারিজ হওয়ার পর মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে খালেদা জিয়া দুটি রিট করেন। প্রাথমিক শুনানির পর ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন।