সন্দেহজনকভাবে গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৪ ও ১৬৭ ধারা প্রয়োগে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতা বাড়াতে হবে। নাগরিক সমাজ ও আইনজীবীদের সোচ্চার হতে হবে।
গতকাল বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা: হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন পর্যালোচনাবিষয়ক এক মতবিনিময় সভায় বেশির ভাগ আলোচক এ মত দেন। আলোচকেরা বলেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড শব্দটি নেই। রিমান্ড অসাংবিধানিক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ওই সভার আয়োজন করে।
১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী থেকে ইনডিপেনডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রুবেল মারা যান। এ ঘটনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্রসহ (আসক) কয়েকটি সংগঠন হাইকোর্টে রিট করে। শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এ ব্যাপারে কয়েক দফা নির্দেশনা ও সুপারিশ দিয়ে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০০৩ সালের ২ আগস্ট আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে হাইকোর্টের ওই নির্দেশনাগুলো স্থগিত করেনি। এখন আপিল শুনানির অপেক্ষায়।
গতকাল আলোচকেরা হাইকোর্টের রায়ের নির্দেশনার ভিত্তিতে আইনি সংস্কার করা, নির্দেশনাগুলো গেজেট আকারে প্রকাশ করে সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ ব্যাপক প্রচার করার ওপর জোর দেন। তাঁরা বলেন, বিচারক, পুলিশ, আইনজীবী ও সাধারণ মানুষ এ আইন সম্পর্কে ধারণা পেতে পারে।
সভায় আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘গত দুই-তিন বছরে যেসব ফৌজদারি মামলার ব্যাপারে সংবাদমাধ্যমে খবর আছে, পুলিশ রিমান্ড চেয়েছে ম্যাজিস্ট্রেট দেননি, মনে করতে পারছি না।... স্পষ্টত ম্যাজিস্ট্রেটরা পুলিশের আজ্ঞাবহ কর্মকর্তায় পরিণত হয়েছেন। রায় বাস্তবায়নে বারবার কথা বলতে হবে। মজার বিষয়, নিদের্শনার সুবিধা পেয়েছে মানবতাবিরোধী প্রতিটি অভিযুক্ত। তাদের জিজ্ঞাসাবাস করা হয়েছে সেইফ হোমে।’
মুক্ত আলোচনায় অংশ নিয়ে মহানগর হাকিম এস এম আশিকুর রহমান বলেন, ‘আটটি মামলা শুনানি করেছি। সাতটি রিমান্ড নামঞ্জুর হয়েছে, একটিতে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা থাকলে ভালো হতো, কারণ রিমান্ডে নিয়ে কী করা হয়, তা আমরা বলতে পারব না। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা অনুসারে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়। ফৌজদারি আইনে রিমান্ড শব্দটি নেই। পত্রিকায় রিমান্ড মঞ্জুর হয়, খবর হয়, রিমান্ড নামঞ্জুর হয় এ খবরগুলো দেখি না।’
আসকের পরিচালক নূর খান বলেন, খুবই সৌভাগ্য তাঁদের যাঁরা গ্রেপ্তার হয়ে থানা পর্যন্ত যান। তার চেয়ে সৌভাগ্যবান তাঁরা যাঁরা গ্রেপ্তার হয়ে আদালত পর্যন্ত যান। এর সংখ্যাটা খুব বেশি নয়। মাঝখানে যাঁরা হারিয়ে যাচ্ছেন তাঁদের নিয়ে ভাবতে হবে।
সভায় পুলিশি নির্যাতন ও বেআইনি আটক থেকে মুক্ত থাকার অধিকারবিষয়ক গবেষণার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আবু সাঈদ খান ও আইনজীবী তাজুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন ব্লাস্টের সহসভাপতি বিচারপতি মো. আওলাদ আলী। ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য জেড আই খান পান্নার সঞ্চালনায় আইনজীবী ইদ্রিসুর রহমান, আর্টিকেল-১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া পরিচালক তাহমিনা রহমান, আইনজীবী খুরশীদ আলম খান, জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ আলোচনায় অংশ নেন।