হাইকোর্টের নির্দেশে রায় ঘোষণা দুই সপ্তাহ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হাইকোর্টের একটি নির্দেশনায় রাগীব আলীর ছেলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা সিলেট সিভিল সার্জনের মাধ্যমে করানোর নির্দেশনা দেওয়া হয়

রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার যুক্তিতর্ক শেষে ২৬ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিনক্ষণ ধার্য করলেও হাইকোর্টের নির্দেশে পরে তা স্থগিত করেন বিচারক।

মহানগর আদালতের জিআর শাখা সূত্র জানায়, দুপুরে রায় ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর হাইকোর্টের একটি নির্দেশনা আদালতে পৌঁছায়। এতে রাগীব আলীর ছেলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা সিলেটের সিভিল সার্জনের মাধ্যমে করানোর নির্দেশনা দেওয়া হয়। এ পরীক্ষা গ্রহণ পর্যন্ত রায় ঘোষণা স্থগিত রাখতে বলা হয়েছে।

গতকাল রাতে ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে রাগীব আলীর পক্ষের আইনজীবীরা হাইকোর্টের নির্দেশনা মহানগর বিচারিক হাকিম আদালতে দাখিল করেন। তাঁর ছেলে আবদুল হাইয়ের পক্ষে ইউসুফ খান নামের এক ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

এর আগে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্ক উপস্থাপনকালে সেখানে রাগীব আলী, তাঁর ছেলে আবদুল হাই, জামিনে থাকা তারাপুর চা-বাগানের বৈধ সেবায়েত পংকজ কুমার গুপ্ত ও ভুয়া সেবায়েত রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ উপস্থিত ছিলেন। এ মামলার অপর দুই আসামি রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও তাঁর স্বামী আবদুল কাদির পলাতক।

যুক্তিতর্কে সরকারপক্ষে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফুর আলী ও মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এবং সেবায়েত পংকজ কুমার গুপ্তের পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অংশ নেন।

মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে ২ ফেব্রুয়ারি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও তাঁর ছেলেকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে রাগীব আলীকে ‌মানবিক মুখোশ পরে অবৈধ প্রক্রিয়ায় জনসম্পদ আত্মসাৎ তথা লুটপাটকারী বলে আখ্যায়িত করা হয়। একই আদালতে রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক সম্পাদনা ও প্রকাশনা করে প্রতারণার অভিযোগে আরেকটি মামলার অভিযোগ গঠন করে ২৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।

২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন এই মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। একপর্যায়ে রাগীব আলীর প্রভাবে স্থানীয় পুলিশ মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করেছিল।

গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটি পুনরুজ্জীবিত করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেন।