হাইকোর্টের নির্দেশের পরও গ্রেপ্তার হননি তিন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

হাইকোর্টের আদেশের দুই দিনেও গ্রেপ্তার হননি র্যাবের চাকরি হারানো তিন কর্মকর্তা৷ তবে এঁদের গ্রেপ্তারের জন্য সহায়তা চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন সাত অপহরণ ও খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ চিঠি পাঠানো হয়। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তিন কর্মকর্তাকে ধরতে আইনি প্রক্রিয়া চলছে। তাঁরা নজরদারিতে আছেন, শিগগিরই গ্রেপ্তার হবেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ তাঁদের হাতে এসেছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে৷
গত রোববার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশ দেন। আদেশে বলা হয়, দণ্ডবিধি বা বিশেষ কোনো আইনে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে হবে৷
ওই তিনজন হলেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা৷ সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়৷
পুলিশ সূত্র জানায়, উচ্চ আদালতের গ্রেপ্তারের আদেশ রোববার রাত সাড়ে নয়টার পরে ফ্যাক্সযোগে পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে আসে। তখন কেউ দপ্তরে ছিলেন না। সকালে কর্মকর্তারা আসার পর আদালতের আদেশ নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে সেনানিবাসে পুলিশের অভিযান নিয়ে কথা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, লিখিতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হবে। পরে আদেশের কপি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠানো হয়। এর পরই তদন্তকারী কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশের চিঠিতে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে প্রতিরক্ষাসচিবের সহায়তা চেয়ে বলা হয়েছে, সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা দরকার বলে পুলিশের চিঠিতে বলা হয়েছে।
পুলিশের চিঠির ব্যাপারে জানতে চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তাঁরা কিছু জানেন না। গতকাল রাত ১০টা পর্যন্ত সেনা সদর দপ্তরও এ-সংক্রান্ত কোনো চিঠি পায়নি বলে জানা গেছে।
তিন কর্মকর্তার গ্রেপ্তার নিয়ে দিনভর নানা আলোচনা চলে। কেউ কেউ বলেন, তিন কর্মকর্তা উচ্চ আদালতে যাবেন। কেউ বলেন, আত্মসমর্পণ করবেন। তবে শেষ পর্যন্ত তাঁরা কিছুই করেননি।
তিন কর্মকর্তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে সেনাবাহিনীর একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানায়, সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে অকালীন অবসর দেওয়ার পর নিয়ম অনুসারে তাঁরা চাকরি যাওয়ার পর এক বছর (প্রাক্-অবসরকালীন ছুটি—পিআরএল) সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন৷ তাঁরা এক বছর সেনানিবাসের বাসাও ব্যবহার করতে পারবেন। দুই কর্মকর্তা বর্তমানে সেনাবাহিনীর বাসাতেই আছেন৷ তবে নৌ সদর দপ্তর থেকে বলা হয়েছে, চাকরি হারানো কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানা নৌবাহিনীর বাসায় নেই৷ বাধ্যতামূলক অবসর দেওয়ার পর তিনি কাগজপত্র নিয়ে চলে গেছেন৷ এখন তিনি কোথায়, তা নৌবাহিনীর কর্মকর্তারা জানেন না৷ নৌবাহিনীর কর্মকর্তা আত্মগোপন করেছেন কি না, জানতে চাইলে বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি৷