হাইকোর্টের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রার্থীদের দুর্ভোগ নিরসনে হাইকোর্ট বিভাগে বিচারাধীন পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর অংশ হিসেবে পুরোনো এসব মামলা বাছাই করে তালিকা তৈরির পর হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে তা নিষ্পত্তির জন্য পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, কার্যক্রমের অংশ হিসেবে পুরোনো পাঁচ শতাধিক মামলা হাইকোর্টের ১৭টি বেঞ্চে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। ২০১০ সাল পর্যন্ত হাইকোর্টে দায়ের হওয়া বা আসা এসব দেওয়ানি, ফৌজদারি ও রিট মামলা গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৯১ সালের বেশ কিছু দেওয়ানি মামলাও রয়েছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে প্রধান বিচারপতি মৌখিকভাবে ২০১০ সাল পর্যন্ত হাইকোর্টে দায়ের হওয়া ও আসা মামলার তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এ অনুসারে সুপ্রিম কোর্ট প্রশাসন মামলা বাছাই করে তালিকা তৈরি করে। এরপর প্রধান বিচারপতির কাছে তা উপস্থাপন করা হলে তিনি হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে এসব মামলা নিষ্পত্তির জন্য পাঠান।
রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রধান বিচারপতির ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে ২০১০ সাল পর্যন্ত পুরোনো কতটি মামলা রয়েছে, তা বাছাই ও তালিকা তৈরির কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট শাখা এই তালিকা তৈরি করছে। প্রধান বিচারপতি প্রথম পর্যায়ে তালিকায় আসা পুরোনো পাঁচ শতাধিক মামলা বিচারের জন্য এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের বেঞ্চে পাঠিয়েছেন। সুপ্রিম কোর্ট রুলস অনুসারে প্রধান বিচারপতি প্রশাসনিক ক্ষমতাবলে কোন মামলার বিচার কোন বেঞ্চে হবে, তা নির্ধারণ করে থাকেন।
সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে, বিচারপ্রার্থীদের দুর্ভোগ ও হয়রানি লাঘব এবং মামলাজট নিরসনের লক্ষ্যে প্রধান বিচারপতি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। তিনি বলেন, পুরোনো মামলা খুঁজে বের করার কাজ অব্যাহত রয়েছে। বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব, মামলাজট নিরসন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠায় এ উদ্যোগ সুফল বয়ে আনবে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, হাইকোর্ট বিভাগে ৪ লাখ ১৪ হাজার ৩৫টি মামলা বিচারাধীন। এ হিসাব গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।