এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী নম্বরপত্রের (মার্কশিট) জন্য আবেদন করলে তা সরবরাহের ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি এক রায়ে হাইকোর্ট বলেছেন, ঢাকা শিক্ষা বোর্ডকে নম্বরপত্রের অনুলিপি সরবরাহের পদ্ধতি চালু করতে হবে। যদি কোনো এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ভবিষ্যতে নম্বরপত্র চায়, সে জন্য এ ব্যবস্থা রাখতে হবে।
ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এম নাফিস সালমান খানের করা রিট আবেদনের রায়ে হাইকোর্ট এ নির্দেশনা দেন। নম্বরপত্র পাওয়ার নির্দেশনা চেয়ে ওই শিক্ষার্থী রিট আবেদনটি করেছিলেন। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশিত হয়।
রায়ে আরও বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডকে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রিট আবেদনকারীকে তাঁর এইচএসসি পরীক্ষার নম্বরপত্র সরবরাহ করতে হবে।
২০০১ সালের ১২ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে হবে বলে জানায়। এরপর থেকে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের নম্বরপত্র দেওয়া বন্ধ করে দেয়।
২০১০ সালের এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষার্থী এম নাফিস সালমান খান ৪ দশমিক ৩০ পয়েন্ট পান। এরপর তিনি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও নম্বরপত্র সরবরাহের জন্য ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করেন। কিন্তু শিক্ষা বোর্ড নম্বরপত্র না দিলে ২০১১ সালে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী এবং এ কে এম সালাহউদ্দিন খান।