মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলাবাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিল করার প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার রায়ে স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে। দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এর আগে হাইকোর্ট এক রায়ে বিশেষ গেরিলাবাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে ৯ অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি ৩০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি তালিকায় আসে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম, সুব্রত চৌধুরী ও জাহিদুল বারি।
পরে মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে আপিল বিভাগ দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন। এই সময় পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। আইনজীবী জাহিদুল বারি প্রথম আলোকে জানান, আপিল বিভাগ দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ মেয়াদ বাড়িয়েছেন, এরপর বিষয়টি শুনানির জন্য আসবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সালের ২২ জুলাই এক প্রজ্ঞাপনে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলাবাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে। গেরিলাবাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য কমরেড মণি সিংহ ও অধ্যাপক মোজাফ্ফর আহমদের নাম ছিল এতে। ২০১৪ সালের ২৯ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই তালিকাসংবলিত প্রকাশিত গেজেট বাতিল করা হয়। তবে কোনো কারণ দর্শানো ছাড়া প্রজ্ঞাপনের মাধ্যমে ওই তালিকা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ১১ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন পঙ্কজ ভট্টাচার্য। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। আবেদনকারী হিসেবে এতে পক্ষভুক্ত হন আরও ৩৩ জন মুক্তিযোদ্ধা। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ৮ সেপ্টেম্বর হাইকোর্ট ওই রায় দেন।