হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। খালেদা জিয়ার আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ও এ-সংক্রান্ত রুল গত ১৮ জুন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নিয়ে রায়ে আদালত বলেন, নাইকো দুর্নীতি মামলা চলতে কোনো বাধা নেই।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। প্রায় সাত বছর পর চলতি বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। গত ১৯ এপ্রিল রুলের শুনানি শুরু হয়, ২৮ মে শেষ হয়। ১৮ জুন রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।