ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়ায় উচ্চক্ষমতার ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) সরাসরি চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে পক্ষগুলোর করা পৃথক আবেদনের ওপর আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনগুলো নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
ওই কাজের জন্য গত এপ্রিলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিটিসিএল। প্রায় ছয় মাস সময় নিয়ে দরপত্রের প্রক্রিয়া শেষ করা হয়। এরপর এ ধরনের যন্ত্রপাতি তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সিয়েনা থেকে যন্ত্রপাতি কেনার সুপারিশ করে কারিগরি কমিটি ও দরপত্র মূল্যায়ন কমিটি। সিয়েনার যন্ত্রপাতি সরবরাহের প্রস্তাবকারী প্রতিষ্ঠান নেতাশকে সফল দরদাতা মনোনীত করে অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর গত ১৫ অক্টোবর বিটিসিএল পরিচালনা পর্ষদ হঠাৎ পুরো দরপত্র-প্রক্রিয়া বাতিল করে দেয়। তারপর বিনা দরপত্রে এসব যন্ত্রপাতি কেনা ও স্থাপনের জন্য গত নভেম্বরে টেশিসের সঙ্গে চুক্তি করে বিটিসিএল। পুরো প্রক্রিয়া শেষ করা হয় মাত্র চার কর্মদিবসে। কিন্তু টেশিস এসব যন্ত্রপাতি তৈরি করে না। এ বিষয়ে প্রথম আলোতে ৬ ডিসেম্বরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
বিটিসিএল আইনবহির্ভূতভাবে চুক্তি করেছে বলে অভিযোগ করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে নেতাশ। রিটের ওপর শুনানি নিয়ে ১২ ডিসেম্বর হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন। আইনজীবীরা জানান, আদেশে গত ১৫ নভেম্বর টেশিসের সঙ্গে বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করা হয়। এ কাজে নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিসিএল, টেশিস ও নেতাশ পৃথক আবেদন করে, যা গতকাল চেম্বার বিচারপতির আদালতে শুনানির
জন্য আসে।