হাইকোর্টের স্থগিতাদেশ আপাতত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনটি আগামী ৮ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নিজামুল হক এ দিন ধার্য করেন।
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনটি ৮ জানুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি। ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে।
মির্জা আব্বাসের করা এক আবেদনের শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ওই মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করে, যা গতকাল চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য আসে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আব্বাসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন।
আইনজীবী সূত্র বলেছে, সাংবাদিকদের জন্য মিরপুরে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মির্জা আব্বাস ও তৎকালীন গণপূর্তমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলাটি করে দুদক।