হাইকোর্ট থেকে জামিন পেয়েও মুক্তি পাচ্ছেন না বৃদ্ধ ছালেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিচারাধীন মামলার নথি হারিয়ে যাওয়ায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও পাঁচ মাস ধরে জেলহাজতে পড়ে আছেন বৃদ্ধ মো. ছালেক (৭৫)। সাজাপ্রাপ্ত কয়েদি ছালেক মিয়া খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।কারাদণ্ডাদেশের বিরুদ্ধে ছালেক মিয়া আপিল করে হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্টের বিচারপতি এম এ হক ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের ডিভিশন বেঞ্চ গত ১৫ মার্চ তাঁর জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট থেকে জামিনের আদেশ কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হলেও মো. ছালেক জেল থেকে ছাড়া পাননি। কারণ, তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি চুরির মামলার নথি হারিয়ে যাওয়ায় হাইকোর্টের আদেশটি কোনো কার্যকারিতা ছাড়াই পড়ে আছে।আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাওয়ারগাতী গ্রামের মো. ছালেকের নান্দাইল থানার একটি হত্যা মামলায় ২০০১ সালে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়।জামিনের আদেশ কিশোরগঞ্জ জেলা কারাগারে আসার পর দেখা যায়, ছালেকের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দুটি চুরির মামলা রয়েছে। একটি মামলায় তাঁর দেড় বছরের সাজা হয়। অপর (নম্বর: ২(১)৮৯) মামলাটির পুরো কাগজপত্র হারিয়ে গেছে।বাবার জামিনে মুক্তি না হওয়ায় ছেলে সাইদুল রহমান কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ৭ এপ্রিল বাবা মো. ছালেককে মুক্তিদানের বিষয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ আদালতে মামলার নথির বিষয়ে জানতে চেয়ে এক পত্র পাঠান।সদর কোর্ট পরিদর্শক সমরেন্দ্র রায় গত ৫ জুন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এক পত্রে বলেন, কিশোরগঞ্জ সদর থানার মামলা (নম্বর: ২(১)৮৯) সংক্রান্তে তদানীন্তন কর্মরত কোনো কর্মচারী বা কর্মকর্তা বর্তমানে অত্র আদালতে কর্মরত না থাকায় এবং পুলিশ কোর্টে মামলার মূল নথি বা জিআর রেজিস্টার না থাকায় মামলার মূল নথি ও ফলাফল সম্পর্কে কোনো হদিস পাওয়া যাচ্ছে না বিধায়, এই মামলার কোনো সঠিক তথ্য দেওয়া সম্ভব হলো না।সদর কোর্ট পরিদর্শক সমরেন্দ্র রায় জানান, ১৯৮৯ সালের চুরির মামলার নথিটি সব জায়গায় খোঁজা হয়েছে। কিন্তু পাওয়া যায়নি। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখলে বৃদ্ধ মো. ছালেক ছাড়া পেতে পারেন।আইনজীবী অশোক সরকার জানান, মো. ছালেক ১৯৮৯ সালে যে মামলার আসামি, তার সর্বোচ্চ সাজা তিন বছর। জেলের তিন বছর সময় শেষ হয়ে গেছে। এ অবস্থায় হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেতে পারেন। প্রশ্ন হলো, ‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?’