হাইকোর্ট থেকে বিচারপতি নিজামুল হকের অপসারণ দাবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে হাইকোর্ট বিভাগ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা।গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিচারপতি নিজামুল হকের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে থাকার নৈতিক অধিকার নেই। যে অপকর্মের দায় কাঁধে নিয়ে তিনি ট্রাইব্যুনাল-১ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেই একই কারণে তাঁকে হাইকোর্ট বিভাগ থেকেও পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত-পূর্বক তাঁকে অপসারণ করতে হবে।’স্কাইপে বেলজিয়াম-প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথনের জের ধরে ওঠা বিতর্কে ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, বিচারপতি নিজামুল হক সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ ও অসদাচরণ করেছেন। তিনি যে ধরনের প্রতারণা ও ষড়যন্ত্রের মাধ্যমে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন আসামিদের বিরুদ্ধে চক্রান্তমূলক ও প্রহসনের বিচারের মাধ্যমে শাস্তি দিতে যাচ্ছিলেন, তার জন্য তাঁকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।প্রধান বিচারপতিকে উদ্দেশ করে খন্দকার মাহবুব বলেন, যতক্ষণ না বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে অসদাচরণ ও শপথ ভঙ্গের অভিযোগের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁকে দিয়ে হাইকোর্টের কোনো বেঞ্চ যেন গঠন করা না হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন, ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক, তাজুল ইসলাম প্রমুখ।