চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ার সেই পুলিশ কর্মকর্তা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করছেন। ঘটনার পর তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে যান।জানা গেছে, চট্টগ্রামে ছাত্রীকে হোটেলে রাতভর আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জি এম মিজানুর রহমান। তাঁকে গ্রেপ্তারের জন্য চট্টগ্রামের পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশকে চিঠি পাঠিয়েছে।১৩ জুলাই নগরের ফয়’স লেক এলাকা থেকে কলেজছাত্রী ও তাঁর বন্ধুকে জোর করে গাড়িতে উঠিয়ে নগরের চকবাজারে আবাসিক হোটেল আল আকাবায় নিয়ে যান ওসি মিজানুর রহমান। এরপর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরদিন ১৪ জুলাই ভোরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ হোটেল আল আকাবার ব্যবস্থাপক ও হোটেলকর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনই কারাগারে আছেন। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণচেষ্টার মামলা হওয়ার পর থেকে ওসি মিজান পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের কাছে বার্তা পাঠিয়েছি। আমরা তথ্য পেয়েছি, পলাতক অবস্থায় মিজান হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি প্রক্রিয়া শুরু করেছেন।’পুলিশ সূত্র জানায়, উচ্চ আদালতে ওসি মিজানের জামিন ঠেকাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের অনুরোধ করা হবে। কারণ মিজানের বিরুদ্ধে ইতিপূর্বে চট্টগ্রামের আবাসিক হোটেলে অনেক মেয়ের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রামের এক হুন্ডি ব্যবসায়ীর ৭৬ লাখ টাকা গায়েব করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সময় তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা শাখা, পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।