হাইকোর্টে আগাম জামিন কমায় ক্ষুব্ধ আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের পর হাইকোর্ট বিভাগে আগাম জামিনের আবেদন গ্রহণ, শুনানি ও মঞ্জুর অনেক কমে গেছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
আইনজীবীরা অভিযোগ করেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি হাইকোর্ট বিভাগকে যে ক্ষমতা দিয়েছে, আপিল বিভাগের রায়ের মাধ্যমে তা সংকুচিত হয়েছে। আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগকে আপিল বিভাগ যে নির্দেশনা দিয়েছেন, তা প্রশ্নবিদ্ধ ও ন্যায়বিচার-পরিপন্থী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক জরুরি সভায় গতকাল বুধবার আগাম জামিন নিয়ে আলোচনা হয়। আইনজীবী সমিতি ভবনের শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত ওই সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ফৌজদারি মামলার বিচারে দক্ষ, অভিজ্ঞ জ্যেষ্ঠ সব বিচারককে আগাম জামিনসহ ফৌজদারি মোশন ও ফৌজদারি মামলা বিচারের ক্ষমতা দিতে হবে। এ বিষয়ে অবিলম্বে প্রধান বিচারপতির পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
গত ১৮ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন বাতিল করে আপিল বিভাগের রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চের দেওয়া এই রায়ে বলা হয়, ‘অসাধারণ’ ও ‘ব্যতিক্রমী’ পরিস্থিতিতে কোনো মামলায় হাইকোর্ট আসামিকে আগাম জামিন দিতে পারেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপিল বিভাগের দেওয়া গাইডলাইন মানতে হবে।
গতকালের সভায় আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আমলেও আগাম জামিন বন্ধ করার অশুভ প্রচেষ্টা হয়েছিল। আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনে সে প্রচেষ্টা বন্ধ হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব আরও বলেন, ‘হাইকোর্টে যাঁরা বিচারক আছেন, অবশ্যই তাঁদের স্বাধীনভাবে বিচারকাজ করতে দিতে হবে, গাইডলাইন দিলে হবে না।...আমি জানি, একটি বেঞ্চ ৪০০ দরখাস্ত নিয়েছেন, মাত্র একজনকে জামিন দেওয়া হয়েছে, বাকিগুলো নট প্রেস করা হয়েছে। এটা হতে দেওয়া হবে না, আগাম জামিন দিতে হবে।’
সভাটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক সাংসদ মাহবুব উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক। আমরা মনে করছি, তিনি তাঁর অভিভাবকের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না।’
বিএনপির আরেক নেতা ও আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘মামলা কজলিস্টে আনতে ১০-১৫ হাজার টাকা দিতে হয়, এটা বন্ধ করতে হবে। আগাম জামিন ৩০ বছর ধরে চলে আসছে, এটা অব্যাহত থাকবে। সিনিয়র বিচারপতিদের মোশন পাওয়ার দিতে হবে। যাঁরা আছেন তারা থাকুক, আরও দিতে হবে। যদি আরও চার-পাঁচটা ক্রিমিনাল বেঞ্চ দেওয়া হয়, তাহলে সমস্যা কিছুটা সমাধান হবে।’
রফিকুল হক তালুকদার বলেন, ‘সুপ্রিম কোর্টের সব বেঞ্চকে যেন মোশন পাওয়ার দেওয়া হয়। তাহলে অনেক দুর্নীতি রোধ হবে এবং বিচারপ্রার্থীদের সুবিধা হবে। আগাম জামিন লাভের ফোরাম থাকতে হবে, কোনো অবস্থাতেই তা বন্ধ করা যাবে না। একটা মামলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে যে কত প্রকার অর্থ দিতে হয়...এসব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।’
সভায় আইনজীবী সমিতির ১৭ জন সদস্য বক্তব্য দেন। একাধিক আইনজীবী প্রধান বিচারপতি সম্পর্কে কটূক্তিও করেন।