হাইকোর্টে আরিফুলের জামিন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার আরিফুল হকের জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতে আরিফুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে মায়ের অসুস্থতার জন্য আরিফুলকে ১৫ দিনের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই জামিনের মেয়াদ শেষে আরিফুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ জন্য আদালত নতুন করে তাঁর জামিনের আবেদন শোনেননি।
গত ২২ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ থেকে ১৫ দিনের জামিন পেয়েছিলেন আরিফুল হক চৌধুরী।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ২১ ডিসেম্বর ওই ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আরিফুল গ্রেপ্তার হন। পরে তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার।