হাইকোর্টে আসামির জামিন নিহতের পরিবারকে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল আলম হত্যা মামলার প্রধান আসামি মো. মজিবুর রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা বলেছিলেন। গত ৩১ মে হাইকোর্টের একটি বেঞ্চে তাঁর জামিন মঞ্জুর হয়। জামিনে মুক্তি পেয়ে আসামি মজিবুর রহমান নিহতের স্ত্রী ও স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম গতকাল বৃহস্পতিবার হালিশহর থানায় মামলা করতে যান। পুলিশ মামলার পরিবর্তে তাঁকে সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করার পরামর্শ দেন। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা ও জিডি কোনোটি নথিভুক্ত হয়নি।নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল ইসলাম নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা ছিলেন। চট্টগ্রাম শহরতলির অক্সিজেন মোড় এলাকায় তাঁর একটি বাড়ি আছে। বাংলাদেশে বেড়াতে এলে তিনি ওই বাড়িতে উঠতেন। গত বছরের ৩০ মে রাতে অক্সিজেন এলাকার বাড়িতে দুর্বৃত্তদের হাতে তিনি নিহত হন। ঘটনার পর নিহতের আত্মীয় মোস্তফা বায়েজিদ থানায় একটি হত্যা মামলা করেন। আদালত সূত্র জানায়, হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমম্বয়ে গঠিত বেঞ্চ আসামি মজিবুরের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। জানতে চাইলে হাইকোর্টের আইনজীবী বাদীর কৌঁসুলি সিরাজউদ্দিন আহমেদ আসামির জামিন মঞ্জুরের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে জামিন বাতিলের জন্য তিনি হাইকোর্টে আরেকটি পৃথক আবেদন (পিটিশন) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।আদালত সূত্র জানায়, মার্কিন নাগরিক নুরুল আলম হত্যাকাণ্ডের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে মজিবুর রহমান (২২), বাবুল বড়ুয়া (২৪) ও জুয়েল বড়ুয়াকে (২৬) গ্রেপ্তার করে। পরে তিন আসামি নুরুল আলম খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নুরুল আলমকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন আসামিরা। গত বছরের ৭ জুন চট্টগ্রাম মহানগর হাকিম মো. জসিমউদ্দিনের আদালতে তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বায়েজিদ থানার তদন্ত কর্মকর্তা গত বছরের ১৪ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।আসামিদের মধ্যে মো. মনির (২৪) ও সনজীব বণিক (২৪) পলাতক রয়েছেন। আর কারাগারে আছেন বাবুল ও জুয়েল। নিহত নুরুল আলমের আত্মীয় আবুল হোসেন প্রথম আলোকে বলেন, আসামি চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর নিহত নুরুল আলমের স্ত্রী আনোয়ারা বেগম ও অন্যান্য আত্মীয় ও সাক্ষীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আবুল হোসেন আরও বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দেন আসামি মজিবুর রহমান। অভিযোগ গঠনের আগেই এই আসামির জামিন মঞ্জুরের ঘটনায় হতাশ হয়েছি। এতে ন্যায়বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে আমাদের আশঙ্কা।’