আদালতের নির্দেশ অনুসারে কাল বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হবেন নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেছেন, আদালতের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হবেন। মোজাম্মেল হক বলেন, কলেজের শিক্ষার্থীদের বোরকা পরার জন্য বাধ্য করার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে রানী ভবানী মহিলা কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ১০ জুন কলেজটিতে যোগ দিই। এরপর ছাত্রী ও শিক্ষকেরা কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে একটি ছিল নানা রঙের বোরকা পরে ছাত্রীরা কলেজে আসে। ফলে বহিরাগতদের চিহ্নিত করা যায় না। সভায় সিদ্ধান্ত হয়, ছাত্রীরা ‘অ্যাশ’ রঙের বোরকা পরে আসবে, এ রংটা রানী ভবানী কলেজের ছাত্রীদের একান্ত থাকবে। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত তাদের জন্য প্রযোজ্য ছিল, যারা আগে থেকেই বোরকা পরে। অধ্যক্ষ বলেন, কলেজের একজন শিক্ষকের ইন্ধনে এ ঘটনা ঘটেছে এবং আদালতে তিনি বিষয়টি তুলে ধরবেন। জানা যায়, ‘বোরকা না পরলে আসতে মানা’ শিরোনামে ২২ আগস্ট একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আদালত দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিসে নারীদের বোরকা পরতে বাধ্য না করার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন। কলেজের অধ্যক্ষকে ২৬ আগস্ট হাজির হতে নির্দেশ দেন।