দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক এম এম শাব্বির হাসানের জামিন নাকচ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল সোমবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন নাকচের আদেশ দেন। এর আগে গত রোববার একই বেঞ্চে শাব্বিরের জামিনের শুনানি হয়।গত ২৩ জানুয়ারি রাত ১১টার দিকে ১০ লাখ টাকাসহ দুদকের আগ্রাবাদের কার্যালয় থেকে শাব্বিরকে গ্রেপ্তার করে র্যাব। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপ থেকে ঘুষ হিসেবে তিনি এই অর্থ নেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ঘুষের টাকা লেনদেনের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। ২৪ জানুয়ারি আদালতের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় দণ্ডবিধি ১৬১ এবং দুদক আইনের ৫(২) ধারায় করা একটি মামলার তদন্ত চলছে। দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘দুদক কর্মকর্তা শাব্বির হাইকোর্টে জামিনের আবেদন করেন। রোববার তাঁর আবেদনের শুনানি হয়। গতকাল সোমবার আদেশের দিন ধার্য ছিল। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শাব্বিরের জামিন নাকচ করে দেন।শাব্বিরের ঘুষের টাকা নেওয়ার দৃশ্য ছোট আকৃতির একটি ক্যামেরায় ধারণ করা হয়, যা গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম ওই ক্যামেরা আদালতে পরীক্ষা করেন। ক্যামেরা দিয়ে ছবি ধারণ করার সত্যতা পেয়েছেন আদালত। ওই দিন মহানগর দায়রা জজ দুদক কর্মকর্তা শাব্বিরের জামিন নামঞ্জুর করেন। ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন শাব্বির।