হাইকোর্টে জামিনের আবেদন করেছেন মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ ও তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।গতকাল সোমবার সংশ্ল্লিষ্ট বেঞ্চে মাহমুদুর রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী আবেদনটি উত্থাপন করেন। তিনি বলেন, মাহমুদুর রহমান যেন নির্বিঘ্নে আদালতে আসতে পারেন, এ ব্যাপারে একটি নির্দেশনা প্রয়োজন। একপর্যায়ে আদালত বলেন, কার্যতালিকায় আবেদনটি অন্তর্ভুক্ত হওয়ার পর বিষয়টি দেখা হবে। সে সঙ্গে আগামীকাল বুধবার আবেদন কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে বলে জানান আদালত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার। যুদ্ধাপরাধের মামলার বিচার কার্যক্রম নিয়ে প্রবাসী এক আইনজীবীর সঙ্গে ট্রাইব্যুনালের পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপে সংলাপ প্রকাশের অভিযোগ রাষ্ট্রদ্রোহ ও তথ্য প্রযুক্তি আইনে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে ১৩ ডিসেম্বর নিম্ন আদালতে মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সাহিদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।