হাইকোর্টে ডেসটিনির রিটের ওপর আদেশ মঙ্গলবার
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষে করা রিট আবেদনের ওপর আগামী মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি নিয়ে আদেশের দিন ধার্য করেন।গতকাল শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী এ এফ হাসান আরিফ বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৫১ ধারার অধীনে বাংলাদেশ ব্যাংক ডেসটিনির বিষয়ে একটি পরিদর্শন প্রতিবেদন দিয়েছে।এ সময় আদালত বলেন, ‘প্রতিবেদন দিয়েছে, কী ব্যবস্থা নেয় দেখুন!’ জবাবে হাসান আরিফ বলেন, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৩ ধারা অনুসারে সমবায় সমিতি আইন, ২০০১-এর অধীনে নিবন্ধিত কোনো সমবায় সমিতির ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের শুধু ৪৪ ও ৪৫ ধারা ছাড়া অন্য কোনো ধারা প্রযোজ্য হবে না।আদালত জানতে চান, এটি ব্যাংক কি না।জবাবে হাসান আরিফ বলেন, এটা সমবায় সমিতি। সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণ ও ঋণ দেওয়ার বিধান আছে। তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নিতে চাইলে, তা ব্যাংক কোম্পানি আইনের ৪৪ ধারা অনুসারে নিতে পারে। আর এ ক্ষেত্রে শুনানির সুযোগ দিতে হবে। কিন্তু ডেসটিনিকে সেই সুযোগ দেওয়া হয়নি।আদালত বলেন, এসব পর্যায় এখনো আসেনি। প্রতিবেদনে সুপারিশ করা হয়নি। রিট আবেদনটি ‘প্রি-ম্যাচিউর’ (অপরিপক্ব) বলেও মন্তব্য করেন আদালত।