হাইকোর্টে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা তদন্তের প্রাথমিক অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল মঙ্গলবার আইজিপির পক্ষে এ প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি আদালতকে জানান, ওই ঘটনা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহবাগ থানায় এ নিয়ে মামলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না, সেটাও খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে লাঞ্ছনার শিকার হন কয়েকজন নারী। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৬ এপ্রিল আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। ওই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। এ ছাড়া এ ঘটনা তদন্ত করে ১৭ মের মধ্যে আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।