১০ ট্রাক অস্ত্র আটক মামলা বাতিল চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আবেদন উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৭ নভেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলাটি বাতিল চেয়ে নিজামীর পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। আদালতে তাঁর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক, ইমরান এ সিদ্দিক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম মামলাটি পরিচালনা করেন।ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলাটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করা হয়েছে। ফলে অন্য আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। অবকাশ শেষে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, এই মামলায় তিনটি অভিযোগপত্র দেওয়া হয়। এজাহার ও প্রথম দুটি অভিযোগপত্রে নিজামীর নাম নেই। তৃতীয়টিতে তাঁর নাম এসেছে। অস্ত্র আইনে কারও কাছে অস্ত্র পাওয়া গেলে সে অভিযুক্ত হবে। এখানে নিজামীর কাছে অস্ত্র পাওয়া যায়নি। সাক্ষীদের মধ্যে দুজন বলেছে, মনে হয় ওই ঘটনায় নিজামীর সম্পৃক্ততা আছে। তাই নিজামী এ মামলা থেকে অব্যাহতি পেতে পারেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন সচিব শোয়েব আহমেদের জবানবন্দিতে নিজামীর সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। ওই ঘটনায় নিজামীর বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট। তাই তিনি এই পর্যায়ে এসে মামলা থেকে অব্যাহতি পেতে পারেন না। ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ-সংক্রান্ত মামলা দুটির দুই দফায় অভিযোগপত্র দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবার অধিকতর তদন্ত শেষে গত ২৬ জুন অভিযোগপত্র দেওয়া হয়। তাতে নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ নতুন করে ১১ জনকে আসামি করা হয়।