হাইকোর্টে প্রধান দুই আসামি বাবা-ছেলের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর লেলিয়ে ইংরেজি মাধ্যম ‘এ লেভেল’-এর শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যা মামলার মূল দুই আসামি শাহ সেলিম ওরফে টিপু ও তাঁর ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। হাইকোর্ট দুজনকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এই সময়সীমার মধ্যে তাঁদের নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার জামিনের আদেশটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীরের হাতে এসে পৌঁছে। গত ২২ আগস্ট হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী ও মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এই দুই আসামি অন্তর্বর্তীকালীন জামিন পান বলে পুলিশ জানিয়েছে। এদিকে, একই মামলায় আগে গ্রেপ্তার হওয়া জুনায়েদের বন্ধু শাহদাত হোসেনকে পুলিশ গতকাল থেকে দুই দিনের রিমান্ডে নিয়েছে। প্রধান দুই আসামির জামিন হওয়ার খবরে হতাশা ব্যক্ত করেছেন হিমাদ্রীর পরিবার। হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, ‘এই খবরে আমার আর কী বলার আছে। এভাবেই হয়তো সবাই পার পেয়ে যাবে। এখন আমার ছেলের ছবি নিয়ে কান্নাকাটি করা ছাড়া আর কী করার আছে?’