হাইকোর্টে যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ

পিলখানা হত্যা মামলার সব ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) ও আপিলের ওপর যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই যুক্তি উপস্থাপন শুরু হয়।
বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার। চলতি বছরের ১৮ জানুয়ারি এই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আশা করি চার-পাঁচ দিনের মধ্যে আমার বক্তব্য উপস্থাপন শেষ করতে পারব।’
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশ, ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়।
রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করেন আসামিরা। আর রায়ে খালাস পাওয়া ২৭৮ জন আসামির মধ্যে ৬৯ জনের সাজা চেয়ে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে, দণ্ডাদেশপ্রাপ্ত ৪১০ জন আসামির সাজা বাতিল চেয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন তাঁদের আইনজীবীরা।
এই মামলার জন্য সুপ্রিম কোর্টে বিশেষ ব্যবস্থায় ৩৭টি পেপারবুক তৈরি করা হয়েছে। প্রতিটি পেপারবুকে পৃষ্ঠার সংখ্যা ৩৭ হাজার। মোট ৩৭টি পেপারবুকের পৃষ্ঠার সংখ্যা ১৩ লাখের ওপরে।
পিলখানার ঘটনায় করা বিস্ফোরক আইনে মামলাটির বিচারিক কার্যক্রম নিম্ন আদালতে চলমান রয়েছে।