হাইকোর্টে যোগাযোগ সচিবসহ তিন কর্মকর্তাকে তলব
সড়ক ভবনের দখলে থাকা ভূমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়া-সংক্রান্ত আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে যোগাযোগসচিবসহ তিন কর্মকর্তাকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে বিবাদীদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।যোগাযোগসচিব এম এ এন সিদ্দিকী, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আমানুর রহমান লস্কর ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. ফরিদুল আলমকে ওই দিন আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।আদালত সূত্র জানায়, সুপ্রিম কোর্টের সম্পত্তি রক্ষার নির্দেশনা চেয়ে দুই আইনজীবীর করা এক রিট আবেদনে গত বছরের ১০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন। রায়ে আদালত সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা কিছু জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি বলে ঘোষণা করেন এবং ওই সম্পত্তি সুপ্রিম কোর্টের নামে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত বছরের ২৮ জুলাই তা খারিজ হয়। গত বছরের ২৪ অক্টোবর ১৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দিতে আইনি নোটিশ দেয় আবেদনকারী পক্ষ। এর পরও আদেশ বাস্তবায়িত না হওয়ায় গতকাল আদালত অবমাননার আবেদনটি করা হয়।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।