হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ১০ বিচারপতি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১০ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেন।
গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শপথগ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এ কে এম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।
যোগাযোগ করা হলে সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ১০ জন বিচারপতিকে শপথ পাঠ করাবেন।