হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ১৫ বিচারপতি
হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৫ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাঁদের এই নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য ১৭ জনকে নিয়োগ দেন। তাঁদের মধ্যে এই ১৫ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে একই বছরের ১৮ এপ্রিল শপথ নেন।এই ১৫ জন বিচারপতি হলেন: বিচারপতি মো. ফারুক (এম ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ এম আর নাজমুল আহসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ এন এম বশির উল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি হাবিবুল গণি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে বি এম হাসান। শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে।