হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে চারজন নিয়োগ পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত চার বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের এ নিয়োগ দেন। গতকাল রোববার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আজ সোমবার সকালে তাঁদের শপথ গ্রহণের কথা।আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে চারজন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। চারজন বিচারপতি হলেন: ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. আশরাফুল কামাল। শপথ গ্রহণের দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে।শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের এনেক্স মিলনায়তনে চার বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০১০ সালের ৯ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুই বছরের জন্য চার বিচারককে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। একই বছরের ১২ ডিসেম্বর চার বিচারপতি শপথ নেন। সূত্র জানায়, এই চার বিচারপতিসহ হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতির সংখ্যা ৮১। হাইকোর্টে ১৬ জন অতিরিক্ত বিচারক রয়েছেন।