হাইকোর্টে হাজির হলেন সেই ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার কথিত ‘নিজস্ব আদালত’ পরিচালনাকারী সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম সাদেক গত বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হন। এ বিষয়ে জানতে গ্রামপুলিশের চারজন সদস্যকে ১৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্তঃসত্ত্বা কল্পনা বেগমের স্বামী আবদুস সাত্তারের বক্তব্য শুনতে তাঁকে ওই দিন হাজির হতে বলা হয়েছে। একই দিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম সাদেককে আবার হাজির হতে হবে।গত বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীনকেও ওই দিন আদালতে আসতে বলা হয়েছে। ৮ জানুয়ারি প্রথম আলোয় ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে চেয়ারম্যান গোলাম সাদেককে ১২ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত।