আদালতকক্ষে চিৎকার, নথি ছুড়ে ফেলা, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর অভিযোগে আদালতের নির্দেশ অনুসারে পাঁচ আইনজীবী হাইকোর্টে হাজিরা দিয়েছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার তাঁরা হাজির হন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। সেই সঙ্গে ১০ জুলাই পরবর্তী দিন রেখেছেন আদালত।
গত ১৯ জুন এ আদালতকক্ষে নথি ছুড়ে ফেলা ও বেঞ্চ কর্মকর্তা রফিকুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ পাঁচ আইনজীবীকে ২ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গতকাল তাঁরা হাজির হন।
পাঁচ আইনজীবী হলেন নূরে ই আলম, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ (বি এম সুলতান মাহমুদ), মতি লাল বেপারী ও মোহাম্মদ আলী। আদালতে পাঁচজনের পক্ষে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ, শ ম রেজাউল করিম, ড. বশির আহমেদ ও এম বদরুদ্দোজা বাদল।