হাইকোর্টে ১১ মামলায় জামিন পেলেন মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান । ফাইল ছবি
মাহমুদুর রহমান । ফাইল ছবি

মানহানির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা ১১ মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন চেয়ে মাহমুদুর রহমানের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন।

এ দিন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান মাহমুদুর রহমান। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মাদ আলী, সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

পরে আইনজীবী তানভীর আহমেদ আল আমিন প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মানহানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৩৩টি মামলা হয়। এর আগে ১৯টি মামলায় তিনি জামিন পেয়েছেন। সোমবার ১১টি মামলায় আগাম জামিন পেয়েছেন।

আইনজীবী সূত্র বলেছে, গত বছর জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ঢাকা, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় পৃথক ৩৩টি মামলা হয়। এর মধ্যে ১১ মামলায় আজ জামিন হয়।