হাইকোর্টে ১৪ আসামির আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ের সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের গাড়িতে হামলার ঘটনায় করা মামলার ১৪ আসামিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিন দিয়ে মামলা তদন্তের সময় ১৫ দিন বাড়ানোর আদেশ দেন।আসামিপক্ষে মামলা পরিচালনা করেন হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। মামলায় রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।গত শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারের উত্তর পাশে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের গাড়ির কাচ ভাঙে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় সাংসদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) খায়রুল ইসলাম দৈনিক সমকাল-এর গফরগাঁও প্রতিনিধি আবদুল্লাহ আল আমীনসহ ১৪ জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই ঘটনায় রাতে আটকের পর ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো এলাকার দুই ব্যবসায়ী ও এক ছাত্রের জামিন এখনো হয়নি।এ ঘটনায় কয়েক দিন ধরে গফরগাঁও ও কান্দিপাড়া বাজারে পক্ষে-বিপক্ষে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।সাংসদের এপিএসের করা মামলাটি মিথ্যা উল্লেখ করে প্রত্যাহার এবং সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে গতকাল জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকেরা। দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন স্থানীয় সাংবাদিকেরা।এদিকে আগাম জামিন পাওয়ায় গতকাল সন্ধ্যার পর গফরগাঁওয়ের কান্দিপাড়া চৌরাস্তায় মামলার আসামিদের বরণ করে নেয় এলাকাবাসী। এ সময় এলাকাবাসী মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সাংসদ গিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।গফরগাঁওয়ের পাগলায় থানা গঠন নিয়ে ওই এলাকার আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ কয়েক মাস ধরে হরতাল, মানববন্ধন ও সমাবেশ করে আসছিল। এ ব্যাপারে স্থানীয় সাংসদ গিয়াস একাধিকবার আশ্বাস দিলেও ব্যবস্থা নেননি। গত শুক্রবার বিকেলে কান্দিপাড়া বাজার হয়ে গফরগাঁওয়ে যাওয়ার পথে এলাকাবাসী সাংসদ গিয়াসের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হন। পরে গাড়ি নিয়ে বাজারের উত্তর পাশে গেলে রাস্তায় জনতার অবরোধের মুখে পড়েন। এ সময় একটি ইটের আঘাতে সাংসদের গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। সাংসদ গাড়ির জানালা দিয়ে রিভলবার বের করে একটি গুলি ছোড়েন এবং লোকজনকে ধাওয়া দেন।