হাইকোর্টে ১৮ দলের ছয় নেতার জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পল্টন মডেল থানায় করা দুটি মামলায় বিএনপিসহ ১৮-দলীয় জোটের ছয়জন নেতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। তাঁদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি হয়েছে।বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জয়নুল আবদিনের আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন।বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি হওয়ার কথা।আদালত সূত্র জানায়, গত রোববার এ ছয়জন ওই দুই মামলায় পৃথক জামিনের আবেদন করেন।আদালতে জয়নুল আবদিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারীদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, এম বদরুদ্দোজা ও তাসমিয়া প্রধান উপস্থিত ছিলেন।শেষ পর্যায়ে আদালত উভয় পক্ষের সম্মতিতে আবেদনগুলোর শুনানি শেষে আদেশ দেওয়ার কথা জানান। একই সঙ্গে আজ বেলা দুইটায় অপর আবেদনগুলোর শুনানির সময় নির্ধারণ করেন।গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় দণ্ডবিধি ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করে।জানা যায়, এ দুই মামলার এজাহারেই ক্রমানুসারে ওপরের ছয়জনসহ ১৫৪ জনকে আসামি করা হয়। এ দুই মামলায় ২০ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে ও জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ আবেদন করা হয়। শুনানি শেষে ১ এপ্রিল আদালত জামিনের আবেদন নাকচ করেন। এরপর ওই ছয়জন হাইকোর্টে জামিনের আবেদন করেন।