হাইকোর্টের আদেশ পুনর্বিবেচনার আবেদন
খাদ্য অধিদপ্তরের প্রশ্নবিদ্ধ নিয়োগ নিয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। ওই আদেশের পরও নিয়োগে দুর্নীতির সুযোগ রয়েছে, এমন খবর প্রকাশিত হওয়ার পর গতকাল রোববার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে আবেদনটি করেন শাহদীন মালিক।
খাদ্য অধিদপ্তরের নিয়োগে দুর্নীতি-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে প্রতিকার চেয়ে গত বছরের ৬ অক্টোবর উচ্চ আদালতে রিট করেন জেড আই খান পান্নার পক্ষে আইনজীবী শাহদীন মালিক। বিচারপতি ফারাহ্ মাহবুব ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে ৩০ জানুয়ারি একটি আদেশ দেন। আদেশে বলা হয়, খাদ্য পরিদর্শক, উপপরিদর্শক ও সহকারী পরিদর্শক পদে নিয়োগের ক্ষেত্রে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং আদেশ পাওয়ার এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
তবে নতুন করে মৌখিক পরীক্ষা না নিয়ে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে পূর্বেকার দেওয়া নম্বর সমানুপাতিক হারে হিসাব করে দেওয়ার সিদ্ধান্ত নেয় খাদ্য বিভাগ। সূত্র জানায়, হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হবে না। মৌখিক পরীক্ষায় যে প্রার্থীকে ৩০-এর মধ্যে ২৭ দেওয়া হয়েছিল, তাঁকে সমানুপাতিক হিসাব করে ২০-এর মধ্যে ১৮ দেওয়া হবে। যে প্রার্থীকে ৩০-এর মধ্যে ১২ দেওয়া হয়েছিল, তাঁকে ২০-এর মধ্যে ৮ দেওয়া হবে। এতে কার্যত তাঁরাই চাকরি পাবেন, যাঁদের ঘুষের বিনিময়ে বেশি নম্বর দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে ১ এপ্রিল প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে গতকাল আদেশটি পুনর্বিবেচনার আবেদন করা হয়।