হাইকোর্টের আদেশ যথাসময়ে না পৌঁছানোয় কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠনের জন্য হাইকোর্টের আদেশ যথাসময়ে না পৌঁছানোয় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তাকে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ফৌজদারি মিস (বিবিধ) শাখার তত্ত্বাবধায়ক মোহাম্মদ হোসেন মিয়াকে এ নোটিশ দেওয়া হয়।
বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হাইকোর্টের ৫ মে দেওয়া আদেশের কপি পাওয়ার পরও যথাসময়ে তা ইস্যু না করায় মোহাম্মদ হোসেনকে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন।