রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচন-প্রক্রিয়া স্থগিত করে দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি৷ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন৷ একই সঙ্গে বিষয়টি রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে৷
গত ৬ মার্চ রিহ্যাব নির্বাচনের (২০১৪-২০১৫) তফসিল ঘোষণা করা হয়৷ তফসিল অনুসারে, ১৪ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ছিল৷ ওই দিন ৭৭ জনের মধ্যে ৫৬ জনকে বাদ দিয়ে ২১ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড৷ ওই তালিকায় বাদ পড়া প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ রিট করেন৷ শুনানি নিয়ে ২৬ মে হাইকোর্ট রুল জারির পাশাপাশি ওই নির্বাচনের প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করেন৷ এতে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন বোর্ডের পক্ষে চেম্বার বিচারপতির আদালতে আবেদন দাখিল করা হয়৷