হাইকোর্টের আদেশ স্থগিত, বার্থ অপারেটর দায়িত্ব নিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সাধারণ জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজে বার্থ অপারেটর পদ্ধতির ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার ওই আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে গত সোমবার রাতের পালা থেকে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তত্ত্বাবধানে সাধারণ জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু করে। গতকালও বন্দর কর্তৃপক্ষ নিজস্ব পরিচালনায় পণ্য ওঠানো-নামানোর কাজ করে। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেওয়ায় বার্থ অপারেটরদের আগের মতো পণ্য ওঠানো-নামানোর কাজ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি পর্যালোচনার জন্য বন্দরের আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। তাঁর মতামতের ওপর ভিত্তি করে বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান।