মেডিকেল ও ডেন্টাল কলেজে চলতি শিক্ষাবর্ষে (২০১৭-১৮) এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে তালিকা তৈরির সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি ৩ অক্টোবর শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতি আগামী ৩ অক্টোবর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।
প্রথম বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করে গত ২১ আগস্ট পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।