চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালউদ্দিন আহমেদকে অংশ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এতে তিনি ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে পারছেন না।হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।জালালউদ্দিনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে নির্বাচনে অংশ নিতে এবং প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন। ইসি এতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। ৯ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি ১০ জানুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।আদালতে ইসির পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। জালালউদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও মো. জাফরুল্লা চৌধুরী।পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন কমিশনের আবেদন নিষ্পত্তি করেন। এতে জালালউদ্দিন ১৭ জানুয়ারির নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে পারছেন না।জালালউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। তবে ১ শতাংশ ভোটার থাকার শর্তের সমর্থনে কাগজপত্র যথাযথ না হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ২৭ ডিসেম্বর আপিল ট্রাইব্যুনাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে জালালউদ্দিন ২ জানুয়ারি রিট করেন।