বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়িকে দেওয়া দুদকের সম্পদ বিবরণীর নোটিশের বিষয়ে হাইকার্টের আদেশের ওপর ২৭ মে পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।জানা যায়, গত বছরের ২০ নভেম্বর সম্পদের তথ্য বিবরণী চেয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট চলতি বছরের ৩০ জানুয়ারি রুল জারির পাশাপাশি নোটিশের কার্যকারিতা স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।আদালতে সৈয়দা ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন রফিক-উল হক ও মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, ২৭ মে পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে ওই দিন বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদকের দেওয়া নোটিশের পরবর্তী কার্যক্রম চলতে আর কোনো বাধা রইল না।