সরকারি তথ্যভান্ডারের (ডেটাবেজ) ভিত্তিতে জনশক্তি রপ্তানির বিধান বাধ্যতামূলক করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি চেম্বার বিচারপতি। এর ফলে কার্যত হাইকোর্টের আগের আদেশই বহাল থাকছে। তবে এর আগে যাঁদের নিবন্ধন হয়েছে, সরকার চাইলে তাঁদের বিদেশে পাঠাতে পারবে।
বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা এত দিন তাদের তথ্যভান্ডারের মাধ্যমে কর্মী নিবন্ধন করত। কিন্তু সরকার ওই কার্যক্রম বন্ধ করে গত ২৮ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকারিভাবে যে নিবন্ধন করা হয়েছে, সেখান থেকেই কর্মী নেওয়া বাধ্যতামূলক করে জারি করা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনও স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে বায়রা। এর পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ সরকারি ওই প্রজ্ঞাপনগুলো তিন মাসের জন্য স্থগিত করেন।
এই আদেশ স্থগিত করার জন্য গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ আবেদন করে। আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার আদালতে এ ব্যাপারে শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর বায়রার পক্ষে মামলাটি পরিচালনা করেন এ এফ এম মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ হোসেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, এ-সংক্রান্ত আরেকটি বিষয়ে হাইকোর্টে শুনানির দিন ধার্য আছে। আদালত বলেছেন, এই সময়ের মধ্যে যদি সরকারের তালিকাভুক্ত কারও বিদেশ যাওয়ার কথা থাকে তিনি যেতে পারবেন। মোহাম্মদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সরকার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়েছিল। কিন্তু আদালত স্থগিতাদেশ না দিয়ে এটি নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বায়রার নিজস্ব তথ্যভান্ডার থেকে শ্রমিক বাছাইয়ের সুযোগ বহাল থাকল। এ ছাড়া মালয়েশিয়ার তালিকা থেকে বেসরকারি ব্যবসায়ীদের লোক পাঠানোর বাধ্যবাধকতাও থাকল না।