জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম পরিচালনার পক্ষে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি হয়। এরপর চেম্বার বিচারপতি এস কে সিনহা বিষয়টি আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। জানা যায়, ১০ জানুয়ারি চতুর্থ সহকারী জেলা জজ আদালত জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। একই সঙ্গে নতুন কমিটিকে আগের ব্যবস্থাপনা কমিটির কাছে সাত দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এর বিরুদ্ধে নতুন কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ হাইকোর্টে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে ১৬ জানুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত করেন। এর বিরুদ্ধে সভাপতি পদে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম গতকাল আপিল বিভাগে আবেদন করেন।