হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এরিকোর আবেদনের শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মেয়ের সঙ্গে বাবা ইমরান শরীফ ও মা এরিকো নাকানো
ফাইল ছবি

জাপান থেকে আসা দুই শিশু তাদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের হেফাজতে থাকবে বলে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর করা আবেদন ১২ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি। চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ৫ ডিসেম্বর সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন শিশুদের মা, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে এরিকোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিতের পাশাপাশি আবেদনে বাবার কাছে নয়, অন্য কোনো স্থানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনায় শিশুদের রাখার আরজি রয়েছে, যেখানে তাদের মা–বাবা গিয়ে শিশুদের সঙ্গে দেখা ও সময় কাটাতে পারবেন। চেম্বার আদালত ১২ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠিয়েছেন।

গত ২১ নভেম্বর দেওয়া হাইকোর্টের আদেশে আরও বলা হয়েছিল, শিশুদের মা এসে তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। তিনি তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে প্রতিবার কমপক্ষে ১০ দিন সন্তানদের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। এ ক্ষেত্রে বছরে তিনবার শিশুদের মায়ের বাংলাদেশে যাওয়া-আসাসহ থাকার যাবতীয় খরচ শিশুদের বাবাকে বহন করতে হবে।

আরও পড়ুন

২০০৮ সালের ১১ জুলাই এরিকো নাকানো ও ইমরানের বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান। গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো নাকানো। ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট রিট করেন তিনি। পরে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান। এরিকো ও ইমরানের পৃথক রিটের ওপর শুনানি নিয়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট ইমরানের করা রিট খারিজ করে ওই আদেশ দেন।