নিপুণের আবেদন কাল শুনবেন চেম্বার আদালত
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা আবেদনের ওপর কাল বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হবে।
আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির এই দিন নির্ধারণ করেন। আদালত বলেছেন, ‘কাল আবেদনটি কার্যতালিকার শীর্ষে থাকবে।’
আজ চেম্বার আদালতের কার্যক্রম শুরু হলে নিপুণের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ আবেদনের বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘কার্যতালিকায় ৪২৬ নম্বর ক্রমিকে থাকা বিষয়টি যদি শুনে দিতেন।’
আদালত বলেন, ‘এটি কী বিষয় নিয়ে?’
তখন রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একটি অর্ডার হয়েছে, আমাদের মক্কেলের (নিপুণ) বিরুদ্ধে।’
তখন আদালত বলেন, ‘এটি কালকে (বুধবার) শুনব। কার্যতালিকার শীর্ষে থাকবে।’
নিপুণের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আজ শুনানিতে ছিলেন।
অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী নাহিদ সুলতানা ও মজিবুল হক ভূঁইয়া।
গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি ভোরে ফলাফল ঘোষণা করা হয়। এ ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়।
এ নিয়ে পরে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন নিপুণ। সমাজসেবা অধিদপ্তর থেকে ২ ফেব্রুয়ারি এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়।
৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।
সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারি চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারি দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার রিট করেন জায়েদ খান। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।
হাইকোর্টের গতকালের আদেশ স্থগিত চেয়ে আজ সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নিপুণ।
পরে আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৪২৬ নম্বর ক্রমিকে ওঠে। বেলা আড়াইটার দিকে চেম্বার আদালতের কার্যক্রম শুরু হলে বিষয়টি উপস্থাপন করেন নিপুণের আইনজীবী। পরে আদালত আবেদনটি শুনানির জন্য কাল দিন নির্ধারণ করেন।