হাইকোর্টের আদেশে রানীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত
সীমানা জটিলতায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
পৌরসভার সচিব শফিউল্লাহ সরকার বলেন, আগে এই পৌরসভার আয়তন ছিল ৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। ২০১৪ সালে তা বেড়ে ৫ দশমিক ৪৩ বর্গকিলোমিটার করা হয়। এর মধ্যে নতুন ৩৮৪টি হোল্ডিং যোগ হয়। এসব হোল্ডিংয়ের বাসিন্দারা করসহ সবকিছু পরিশোধ করছিলেন। কিন্তু নির্বাচনের গেজেটে বর্ধিত হিসাব থেকে বাদ দেওয়া হয়।
এ ঘটনায় রানীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম গত সপ্তাহে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। গত মঙ্গলবার ও বুধবার আবেদনের শুনানি হয়। সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি হবে না তা রুলে জানতে চাওয়া হয়। এ ছাড়া দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাঁও জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রানীশংকৈল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান বলেন, তিনি নির্বাচন স্থগিত হওয়ার খবরটি জেনেছেন। কিন্তু তাঁর কাছে নির্বাচন স্থগিত হওয়ার এখনো কোনো চিঠি আসেনি।