হাইকোর্টের আদেশে সমন্বয়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানের জমি দখল হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ সমন্বয়ের আবেদন করেছেন রিট আবেদনকারী মোহাম্মদ ইসমাইল। তিনি সাবেক টঙ্গী পৌরসভার মেয়রের স্থলে ঢাকা বিভাগীয় কমিশনারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিতে হাইকোর্টে আবেদন করেছেন।এর আগে ইজতেমার বেদখল হওয়া জমির বিষয়ে ৩ জানুয়ারি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন ইজতেমার মুরব্বি ইসমাইল। ১৩ জানুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ ইজতেমার জন্য বরাদ্দ করা ময়দানে অবৈধ দখল ও স্থাপনা আছে কি না, সে বিষয়ে তদন্ত করে ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টঙ্গীর পৌর মেয়রকে নির্দেশ দেন। একই সঙ্গে ইজতেমা ময়দানে অবৈধ স্থাপনা উচ্ছেদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে ভূমিসচিব, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও টঙ্গীর পৌর মেয়রকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।এ নিয়ে গত রোববার প্রথম আলোর শেষের পাতায় ‘ইজতেমার ময়দানে স্থাপনা-বস্তি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে টঙ্গীর মেয়র আজমত উল্লাহ খান দাবি করেন, আদালতের আদেশের কপি তিনি পাননি।রিট আবেদনকারী মোহামঞ্চদ ইসমাইল বলেন, গতকাল তিনি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ১৩ জানুয়ারির আদেশ সমন্বয়ের আবেদন করেন। এর কারণ হিসেবে ইসমাইল বলেন, ইতিমধ্যেই গাজীপুর সিটি করপোরেশনের গেজেট হওয়ায় টঙ্গী পৌরসভা আর থাকছে না। ফলে টঙ্গীর মেয়রও থাকছেন না। তাই বেদখল হওয়া জমির বিষয়টি তদন্তের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিতে গতকাল আবেদন করেছেন।ইসমাইল বলেন, হাইকোর্টের আদেশ যথাসময়ে বিবাদীদের কাছে না পৌঁছানোয় বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করেছেন।এদিকে গাজীপুর জেলা জজ আদালতের নেজারত বিভাগ সূত্র জানিয়েছে, বিবাদীদের যথাসময়ে নোটিশ পাঠানো হয়েছে দাবি করে গতকাল হাইকোর্টে প্রতিবেদন পাঠানো হয়েছে।