হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশ যেতে এবং দেশে ফিরে আসতে বাধা না দিতে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। মির্জা ফখরুলের আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ দেননি। ফলে মির্জা ফখরুলের বিদেশে যেতে বাধা না দেওয়াসংক্রান্ত হাইকোর্টের আদেশই বহাল রইল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ ওই আবেদনটি করে। গতকাল এর ওপর শুনানি হয়। আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক, এম বদরুদ্দোজা, আহসানুল করিম ও রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহ্রাওয়ার্দী।