হাইকোর্টের আদেশের অপেক্ষায় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায়ের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদেশের কপি হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন।সম্ভাব্য শিক্ষক প্রার্থীদের একাধিক রিট আবেদনের কারণে হাইকোর্ট এ পর্যন্ত ১০০ জনের মতো শিক্ষককে ইউপি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার কমিশন জরুরি বৈঠকে বসে। কিন্তু আদেশের কপি না পৌঁছায় শেষ পর্যন্ত কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।বিকেলে বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট যদি কমিশনের জারি করা পরিপত্রের ওপর স্থগিতাদেশ দেন, সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। সব বেসরকারি শিক্ষকই নির্বাচনে অংশ নিতে পারবেন। আবার যদি পরিপত্র স্থগিত না করে শুধু রিট আবেদনকারীদের মনোনয়নপত্র গ্রহণ করতে বলা হয়, সেক্ষেত্রে অন্য শিক্ষকেরা সমান সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবেন। যে কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা হাইকোর্টের আদেশের অপেক্ষায় থাকব।’৪ মে নির্বাচন কমিশন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ইউপি নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করে পরিপত্র জারি করে। তবে পরিপত্র জারি হওয়ার আগেই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে মৌখিক ঘোষণা দিয়েছিলেন, যে কারণে সম্ভাব্য শিক্ষক প্রার্থীদের অনেকে কমিশনের এই নীতিগত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে চারজন শিক্ষককে অন্য কোনো অযোগ্যতা না থাকলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন। সবশেষে ৮ মে হাইকোর্টের একই বেঞ্চ একাধিক রিট আবেদনের শুনানি শেষে আরও অর্ধশতাধিক শিক্ষকের ব্যাপারে একই নির্দেশনা দেন। বাদীপক্ষের আইনজীবী এম বদরুদ্দোজা গতকাল প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ৮ মে মৌখিক যে আদেশ দেন, তাতে বলা হয়েছিল, নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রের তিন অনুচ্ছেদ (বেসরকারি শিক্ষকদের অযোগ্যতাসংক্রান্ত) স্থগিত করা হয়েছে। কিন্তু আজ (গতকাল) যে লিখিত আদেশ পাওয়া গেছে, তাতে স্থগিত করার আদেশ নেই। হাইকোর্টের আদেশের এসব কপি দু-এক দিনের মধ্যে নির্বাচন কমিশনে পৌঁছাবে বলে তিনি জানান। তফসিল অনুযায়ী স্থানীয় প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের চার হাজার ইউপিতে ভোটগ্রহণ হবে। এ জন্য ৯ জুন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়েছে ৫ মে থেকে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘হাইকোর্ট হয়তো বেসরকারি শিক্ষকদের ব্যাপারে ৫ মে পর্যন্ত আদেশ দিতে পারেন। সেক্ষেত্রে আমরা তাঁদের আদেশ পালন করব। এর ভিন্ন কোনো উপায় নেই।’