ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন। এ ছাড়া ওয়ার্ডের সীমানা নির্ধারণসংক্রান্ত আদালতের দেওয়া রুলেরও জবাব দেবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের কাজ চালিয়ে যেতে বলেছে, যাতে নির্বাচন আটকে না থাকে।হাইকোর্ট গত ১৬ এপ্রিল তিন মাসের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করেন। এ ছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ডে ভাগ করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুলও জারি করেন। এ ছাড়া হাইকোর্ট ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদের নির্দেশ দেন।ভোটার তালিকা আইনে বলা আছে, কোনো কারণে হালনাগাদ সম্ভব না হলে বিদ্যমান তালিকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, এই আইনের ওপর ভিত্তি করে কমিশন আপিল করবে।আদালতের রায় নিয়ে আলোচনার জন্য কমিশন নিজস্ব আইনজীবী শাহ্দীন মালিক ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে। ওই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, ঢাকা সিটির ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করার পক্ষে পর্যাপ্ত যুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে।